হ্যাঁ ভোটের প্রচারণায় জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত ৭
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬ ১০:২৭ এএম
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে জামায়াতের সাতজন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— এলাঙ্গী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি শৈলমারী গ্রামের আজাহার আলীর ছেলে আইয়ুব আলী (৫০), তছের আলীর ছেলে মাসুদ রানা (৪৯), তারাকান্দি গ্রামের আব্দুস ছামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫), আলাউদ্দিনের ছেলে জিয়াউর রহমান ওরফে ঠান্ডু (৪৩), রাঙ্গামাটি গ্রামের জাবেদ আলীর ছেলে আবু বক্কার (৪৮), ছোহরাব হোসেনের ছেলে সামিউল (৩০) এবং নলডাঙ্গা গ্রামের আব্দুস ছামাদের ছেলে রবিউল ইসলাম (৪৩)।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা এলাঙ্গী বাজার এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সাতজন জামায়াত নেতাকর্মী আহত হন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৫ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান বলেন, “সুষ্ঠু নির্বাচন ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। জনগণ কোনোভাবেই এ ধরনের ঘটনা মেনে নেবে না। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
/এসকে
- বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ
- অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
- ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান
- নাটোরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- বগুড়ায় শিবিরকর্মীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি
- বগুড়ায় সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের দাফন সম্পন্ন
- বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- নাটোর–১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের জয়
- জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না
- বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়