সোমবার, ০২ মার্চ ২০২৬,

বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ

বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগ

মিথ্যা অপবাদ, মানহানি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। তিনি দাবি করেন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও একটি লিমিটেড কোম্পানির ম্যানেজিং পার্টনারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী মাহবুব সাইদী প্রিন্স বলেন, গত ২৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ও তার প্রতিষ্ঠানের ম্যানেজারকে জড়িয়ে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ তথ্য প্রকাশ করা হয়। এতে তাঁর সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, ব্যবসায়িক লেনদেনের একটি পর্যায়ে অভিযুক্ত ব্যক্তির কাছে তাদের প্রতিষ্ঠানের প্রায় ২৮ লাখ ৩০ হাজার টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধ না করে উল্টো তার বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার, ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছে। এমনকি তার প্রতিষ্ঠানের ম্যানেজারের ওপর শারীরিক হামলার অভিযোগও তোলেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংকের একটি চেকের পাতা চুরি করে জাল স্বাক্ষরের মাধ্যমে মামলা করার অভিযোগও রয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।

এদিকে ম্যানেজারের করা মামলায় অভিযুক্ত ব্যক্তি গত ২০ ফেব্রুয়ারি পুলিশে গ্রেপ্তার হয়ে কারাগারে যান এবং পরে জামিনে মুক্তি পান বলে জানান তিনি। আদালতের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও দাবি করেন মাহবুব সাইদী প্রিন্স।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যক্তিগত স্বার্থে আমার ও আমার পরিবারের সদস্যদের জড়িয়ে একের পর এক মিথ্যা মামলা ও মানহানিকর বক্তব্য দেওয়া হচ্ছে। এর সঠিক তদন্ত ও প্রতিকার চাই।’

তিনি গণমাধ্যমকর্মীদের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান।


আরআই