সোমবার, ০২ মার্চ ২০২৬,

বগুড়া-২: বিএনপি প্রার্থী শাহে আলমের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

বগুড়া-২: বিএনপি প্রার্থী শাহে আলমের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলমের দাখিল করা হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সুস্পষ্ট বিধান লঙ্ঘন করে তিনি একাধিক সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লাভজনক পদে বহাল থেকেও নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন।

আলমগীর হোসাইন অভিযোগে উল্লেখ করেন, মীর শাহে আলম তথ্য গোপন করে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। তাঁর তথ্য গোপনের বিষয়টি আমলে না নিয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মীর শাহে আলম সরকারি প্রতিষ্ঠান বিসিকের পরিচালক পদে এখনো নিয়োজিত আছেন। বিসিকের পরিচালক পদ হতে ইস্তফা না দিয়ে মিথ্যা ঘোষণা দিয়েছেন তিনি।

আরও পড়ুন: দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

অভিযোগে বলা হয়, গত ২৬ জানুয়ারি বিসিক পরিচালনা পর্ষদের ৮৩৪তম সভার নোটিশের ৫ নম্বর ক্রমিকে মীর শাহে আলম সরকার কর্তৃক মনোনীত শিল্প ও বাণিজ্য বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন পর্ষদ সদস্য বলে লেখা হয়েছে। এ ছাড়া দাখিল করা হলফনামায় মীর শাহে আলম উপজেলার অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান, মাজার ও মসজিদ কমিটির সভাপতি হিসেবে থাকা, পাশাপাশি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালক পদে বহাল থাকার তথ্য গোপন করেছেন। এসব পদ থেকে পদত্যাগের কোনো গ্রহণযোগ্য দলিলও জমা দেননি।

আরও পড়ুন: বগুড়ায় বোরকা নিয়ে কটূক্তি, মহিলা জামায়াতের নিন্দা

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, মীর শাহে আলম যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও স্বায়ত্তশাসিত লাভজনক পদগুলোর কোনো পদত্যাগপত্র সংযুক্ত নেই।

এ বিষয়ে মীর শাহে আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।


আরআই