সোমবার, ০২ মার্চ ২০২৬,

খিচুড়ি ভোজের আয়োজন, জয়পুরহাট-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

খিচুড়ি ভোজের আয়োজন, জয়পুরহাট-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

জয়পুরহাটের কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর (জয়পুরহাট–২) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদের স্বাক্ষরিত চিঠিতে তাঁকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, নির্বাচনের সময় খাবারের আয়োজন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, যা আচরণবিধি লঙ্ঘন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৭৩(ক)–এর পরিপন্থী। এ বিষয়ে আগামী ৮ ফেব্রুয়ারি কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কমিটি সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতা শাকিলুর রহমানের বাড়ির উঠানে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। তিনটি বড় পাতিলে খিচুড়ি রান্না করা হয় এবং আরও দুটি পাতিলে রান্নার প্রস্তুতি চলছিল। এ সময় কমিটির সদস্যরা সেখানে গেলে রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিরা সরে যান। পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বিএনপির প্রার্থীর একটি পথসভাকে কেন্দ্র করে আগত লোকজনের আপ্যায়নের জন্য এ আয়োজন করা হয়েছিল।

পরে রান্না করা খিচুড়ি, চাল-ডাল, তেল ও মশলা জব্দ করা হয়। জব্দ করা খাবার ও উপকরণ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে কমিটি।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ে হাজির হয়ে ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির প্রার্থী মো. আব্দুল বারী। তিনি বলেন, পথসভা কিংবা খিচুড়ি রান্নার বিষয়ে তিনি অবগত ছিলেন না। কেউ তাঁকে বিতর্কিত করতে এমন আয়োজন করে থাকতে পারে বলে দাবি তাঁর।


আরআই