সোমবার, ০২ মার্চ ২০২৬,

হলফনামায় স্ত্রীর ৫১২ কোটি টাকার খেলাপি ঋণ গোপন, বাতিল হতে পারে সিরাজের প্রার্থীতা

হলফনামায় স্ত্রীর ৫১২ কোটি টাকার খেলাপি ঋণ গোপন, বাতিল হতে পারে সিরাজের প্রার্থীতা

স্ত্রীর নামে শত শত কোটি টাকার খেলাপি ঋণ এবং নিজের প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের দায় গোপন করে নির্বাচনী মাঠে সরব থাকার অভিযোগ উঠেছে বগুড়া-৫ আসনের বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে।

নির্বাচনের শেষ সময়ে ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও তার দাখিল করা হলফনামায় ঋণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগে প্রশ্ন উঠেছে তার স্বচ্ছতা নিয়ে।

হলফনামায় তিনি নিজের নামে ২৭ লাখ এবং স্ত্রীর নামে মাত্র ৪ লাখ টাকা ঋণের কথা উল্লেখ করেন। তবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, তার সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের নামে রয়েছে প্রায় ১০৯ কোটি টাকার ঋণ।

এর মধ্যে 'ক্যাব এক্সপ্রেস বিডি লিমিটেড'-এর নামে ২৬ কোটি, 'ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড'-এর নামে ৪৮ কোটি এবং 'এসআর হাইওয়ে সার্ভিসেস'-এর নামে প্রায় ৩৫ কোটি টাকা ঋণ রয়েছে।

তিনি দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব ঋণের বিষয়ে খেলাপি হওয়ায় উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ার তথ্যও পাওয়া গেছে।

অন্যদিকে, প্রার্থীর স্ত্রী শাহনাজ সিরাজের প্রতিষ্ঠান 'এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ'-এর নামে বিভিন্ন ব্যাংকে ৫১২ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পর্যালোচনায় উঠে এসেছে।

একই প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় ৪১ কোটি ৪২ লাখ টাকা। অভিযোগ রয়েছে, এসব তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়নি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, কোনো প্রার্থী সজ্ঞানে ঋণখেলাপির তথ্য গোপন করে হলফনামা জমা দিলে তা আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ। প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে। তিনি আরও বলেন, প্রার্থীর স্ত্রী বা নির্ভরশীল পরিবারের সদস্যদের আর্থিক তথ্য গোপন করাও একই অপরাধের শামিল।

একাধিক সূত্র জানিয়েছে, খেলাপি ঋণ ও বিল বকেয়ার তথ্য নির্বাচন কমিশনকে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গোলাম মোহাম্মদ সিরাজ তার হলফনামায় নিজের নামে ১৬২ কোটি, স্ত্রীর নামে ৪৯ কোটি এবং সন্তানের নামে ৯ কোটি টাকার সম্পদের তথ্য উল্লেখ করেছেন।


/এসকে