সোমবার, ০২ মার্চ ২০২৬,

সারাদেশে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারাদেশে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া ও জয়পুরহাটসহ দেশের বিভিন্ন স্থানে র‍্যালি, সাইকেল শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। 

দিনভর কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

শুক্রবার(৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর থেকে একটি সাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা–বগুড়া মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়। শহর শাখার সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল সম্পাদক তালিবুল হাবিব ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রবিন।

বক্তারা বলেন, আদর্শিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে ছাত্রসংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। কর্মসূচির শুরুতে স্থানীয় সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রাব্বানীও উপস্থিত ছিলেন।

একই দিনে বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা পশ্চিম শাখার সভাপতি সৈয়দ কুতুব সাব্বির ও সেক্রেটারি সাদ্দাম হোসেনসহ নেতারা বক্তব্য দেন। তারা বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে দেশপ্রেমিক নাগরিক তৈরিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে।

শিবগঞ্জের মোকামতলা এলাকাতেও পৃথক র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন।

এদিকে বগুড়া শহর শাখার উদ্যোগে সকাল ১০টায় সরকারি মুজিবুর রহমান ভান্ডারী কলেজ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে সাতমাথায় গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য দেন নেতারা।

জয়পুরহাটেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজের প্রধান ফটক থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা সংগঠনের আদর্শ, ইতিহাস ও ছাত্রসমাজ গঠনে ভূমিকার কথা তুলে ধরেন।

সব কর্মসূচিতে শৃঙ্খলাবদ্ধভাবে অংশ নেওয়া নেতাকর্মীরা নৈতিকতা, শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।


আরআই