সোমবার, ০২ মার্চ ২০২৬,

বগুড়া-৪ আসনে ‘মার্চ ফর দাঁড়িপাল্লায়’ জনসমুদ্র

বগুড়া-৪ আসনে ‘মার্চ ফর দাঁড়িপাল্লায়’ জনসমুদ্র

বগুড়ার কাহালু উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ শীর্ষক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কাহালুর বটতলা রেলস্টেশন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সমর্থকদের বড় উপস্থিতি দেখা যায়।

আয়োজকদের দাবি, সমাবেশস্থলে বিপুলসংখ্যক মানুষের সমাগমে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

এ ছাড়া তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজুর রহমান, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনিসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে কাজ করার বিকল্প নেই। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে বটতলা থেকে বিবির পুকুর বাজার পর্যন্ত একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।


আরআই