সোমবার, ০২ মার্চ ২০২৬,

বগুড়া-১ আসনে পরীক্ষা স্থগিত করে বিএনপির সমাবেশ

বগুড়া-১ আসনে পরীক্ষা স্থগিত করে বিএনপির সমাবেশ

বগুড়া-১ আসনের (সারিয়াকান্দি-সোনাতলা) এলাকায় বিএনপির আয়োজিত রাজনৈতিক সমাবেশের কারণে সারিয়াকান্দি ডিগ্রি কলেজে আজকের নির্ধারিত এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ ৯ ফেব্রুয়ারি সকালে হঠাৎ করে পরীক্ষা স্থগিতের নোটিশ পাওয়ার পর পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সারিয়াকান্দি পাবলিক মাঠে জামায়াত নির্বাচনী জনসভার সিদ্ধান্ত নিলে বিএনপি নেতারা সেখানেও হস্তক্ষেপ করেন।

কিন্তু জামায়াত আগে প্রশাসনের থেকে অনুমতি নেওয়ায় তারা সেখানে সমাবেশের অনুমতি পাননি। এক পর্যায়ে বিএনপি নেতারা সারিয়াকান্দি ডিগ্রি কলেজে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এইচএসসি পরীক্ষা-২০২৬ এর টেস্ট পরীক্ষার পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরীক্ষা থাকার কারণে সমাবেশ স্থগিত হবে কি না—এ নিয়েও প্রশাসনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিএনপি সমাবেশ স্থগিত করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে তাদের সমাবেশের কারণে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে চাপ দিয়ে অনুষ্ঠিতব্য টেস্ট পরীক্ষা স্থগিত করানো হয় বলে অভিযোগ পাওয়া যায়

এবিষয়ে কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, মূল বিষয়গুলোর টেস্ট পরীক্ষা আগেই সম্পন্ন হয়েছিল আজ পরিসংখ্যান (ঐচ্ছিক) বিষয়ের নির্ধারিত তিনজন ছাত্র আসলে বিএনপির প্রোগ্রামের বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়। 
এর আগে তার কাছ থেকে নেতারা মৌখিক অনুমতিও নিয়েছিলো বলেও জানান তিনি।

অন্যদিকে, অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে যে একটি রাজনৈতিক কর্মসূচির কারণে পরীক্ষার মতো জরুরি শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়া অত্যন্ত দুঃখজনক। অভিভাবকরাও একই ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের কাছে জানতে চাইলে তারা কোনো প্রকার ব্যাখ্যা দেননি।


আরআই